ইত্তেফাকের নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা, বীরমুক্তিযোদ্ধার সন্তান মো. শাহ আলম ভুঁইয়ার ওপর হামলাকারী আওয়ামী লীগ নেতা মো. নাজিম উল্লাহকে দ্রুত গ্রেফতারের দাবিতে নান্দাইলের সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
সোমবার দুপুর ১টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনের সড়কে নান্দাইল সদর প্রেসক্লাব, নান্দাইল প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানার হাতে দাঁড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। হামলার ঘটনায় আওয়ামী লীগের অন্যান্য নেতা ও ইউপি চেয়ারম্যনরা নিন্দা জানিয়েছেন। মানববন্ধনের পর জিয়া হলের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আঃ হান্নান মাহমুদ, মো. ফজলুল হক ভুঁইয়া, মো.এনামুল হক বাবুল প্রমুখ।
বক্তরা বলেন, জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে আওয়ামী লীগ নেতা সাংবাদিকের হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছেন। এরপর থানায় সাধারণ ডায়েরি করেও শাহ আলম ভুঁইয়া নিরাপত্তা পাননি। ওই নেতা ইত্তেফাকের সাংবাদিককে মারধর করে গুরুতর আহত করেছেন। আবার প্রকাশ্যে রামদা উঁচিয়ে অন্য সাংবাদিককে খুঁজে বেড়িয়েছেন। থানার প্রায় দুইশ গজের মধ্যে এ ঘটনা ঘটলেও নাজিম উল্লাহ সরকারি দলের নেতা হওয়ার কারণে পুলিশ তাত্ক্ষণিক কোন পদক্ষেপ নেয়নি। এটি খুবই নিন্দনীয়। ওই নেতাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাংবাদিকরা।
এদিকে, আহত সাংবাদিক শাহ আলম ভুঁইয়া বাদি হয়ে গত শনিবার রাতে মামলা দায়ের করেছেন। পুলিশ গত তিনদিনেও নাজিম উল্লাহকে রহস্যজনক কারণে গ্রেফতার করতে পারেনি। জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম বলেন, নাজিম উল্লাহর সন্ধান পাওয়ার জন্য তার মোবাইল ফোন ট্র্যাক করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও র্যাব বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে। অচিরেই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
