গতকাল সোমবার দৈনিক ইত্তেফাকে ‘বিএনপি নির্বাচনে চমক দেখাতে পারে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির যুগ্ম-মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, বিএনপি দ্ব্যর্থহীন কণ্ঠে জানাচ্ছে যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট অংশ নেবে না। এ বিষয়ে বিএনপিসহ ১৮ দলীয় জোট নিরলস, একনিষ্ঠ এবং আপোষহীন লক্ষ্যে স্থির।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্স্থাপনের দাবিতে ১৮ দলীয় জোট বর্তমান সরকারের বিভত্স উত্পীড়নের মুখেও লক্ষ্য পূরণে অবিচল দৃঢ়তায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোন ধরনের অপপ্রচারের অপকৌশল অবলম্বন করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। আমাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত। বিএনপি কখনোই জনগণের প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করেনি। দলের অধীনে নির্বাচন করতে বহু মানুষের লাশ ডিঙ্গিয়ে বর্তমান সরকার তার অশুভ পরিকল্পনা বাস্তবায়নের আয়োজন করছে। তবে সর্বব্যাপী চক্রান্তের বেড়াজালে আটকিয়ে জনমনে ধোঁয়াসা সৃষ্টি করে সরকার তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কারণ দীর্ঘ রক্তাক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন এখন বিজয়ের শীর্ষ চূড়া স্পর্শ করছে।- প্রেস বিজ্ঞপ্তি
