কক্সবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ

ঈদের পর অন্তত ১৫ দিন হরতাল না দেয়ার অনুরোধ

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২৩:১১
ঈদের পরে অন্তত ১৫ দিন পর্যন্ত হরতালের মত কোন কঠোর কর্মসূচি ঘোষণা না করতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন কক্সবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ। রবিবার বিকালে কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতি আয়োজিত এক ইফতার মাহফিলে তারা এ আহবান জানান। ব্যবসায়ী নেতারা বলেন, নানা কারণে গত দুই বছর ধরে পর্যটন ব্যবসায় চরম মন্দা অবস্থা বিরাজ করছে। লোকসান গুনতে গুনতে দেড় শতাধিক রেস্তোরাঁ ও শতাধিক আবাসিক হোটেল বন্ধ হয়ে গেছে। পর্যটন ব্যবসার সাথে জড়িত ৩০ হাজার মানুষের প্রায় অর্ধেকই বেকার হয়ে পড়েছে। তারা আরো বলেন, ঈদ উপলক্ষে হাজার হাজার মানুষ কক্সবাজারে বেড়াতে আসার জন্য হোটেল বুকিং করেছে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে সকলের মাঝে চাপা আতংক বিরাজ করছে, কখন কী হয়ে যায় এই ভয়ে। কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউস সামাদ চৌধুরী টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।