উপজেলার গণিপুর ইউনিয়নে গ্রামবাসীর হাতে আটককৃত গরু চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আনতে গিয়ে সোমবার সকালে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছে।
আহত এসআই গোলাম কিবরিয়াকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় চোরদের আনা একটি পিকআপ গ্রামবাসী পুড়িয়ে দেয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ আটককৃতদের থানায় নিয়ে আসে।
জানা গেছে, রবিবার গভীর রাতে ৮/১০ জন সংঘবদ্ধ চোর গরু চুরির জন্য একটি পিকআপ যোগে উপজেলার পানিয়া গ্রামের ঢাকের মোড়ে অবস্থান নেয়।
এসময় এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে জানালে এলাকার লোকজন চারদিক থেকে চোরদের ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় চোর সিন্ডিকেটের সদস্য সুজন পালশা গ্রামের মহব্বত ও গোবিন্দপাড়া গ্রামের ইদ্রিস আলীসহ অন্যরা পালিয়ে গেলেও পিকআপ চালক হাসান ও রিপন সরদারকে আটক করে এলাকাবাসী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের থানায় আনার সময় এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়।
এসময় পুলিশের এসআই গোলাম কিবরিয়া আহত হন। পুলিশের কাছ থেকে চোরদের ছিনিয়ে নিতে না পারায় তাদের নিয়ে আসা পিকআপটি পুড়িয়ে দেয় এলাকাবাসী । ঘটনাস্থলে র্যাবের দল পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।
