বনদস্যুরা সাতক্ষীরার ৪ ঘের মালিককে ধরে নিয়ে গেছে

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৫
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গোলাখালী এলাকা থেকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে চার ঘের মালিককে অপহরণ করেছে বনদস্যুরা। অপহূতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ধানখালী এলাকার মনোরঞ্জন মণ্ডলের ছেলে দেবব্রত মণ্ডল (২৫), উপজেলার হেতালখালী এলাকার মৃত অমূল্য গাইনের ছেলে কার্ত্তিক গাইন (৫০), ভেটখালী এলাকার মৃত দেবী রঞ্জন বিশ্বাসের ছেলে প্রণব বিশ্বাস (৩২) ও একই এলাকার জিতেন্দ্র মণ্ডল (৫৪)। অপহূতদের স্বজনরা জানান, সুন্দরবনের গোলাখালী পল্লী থেকে সোমবার গভীর রাতে সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা উক্ত চার ঘের মালিককে অপহরণ করে নিয়ে যায়। তাদের দাবিকৃত ১০ লাখ টাকা চারদিনের মধ্যে পরিশোধ না করলে অপহূত চারজনকে জবাই করে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকিও দিয়েছে বনদস্যুরা। সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম খান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহূত জেলের পরিবার থেকে এখনও কোন অভিযোগ দেয়া হয়নি।