৪ চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৬
জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকা থেকে ৪ চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। গত সোমবার দুপুরে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের মেজর মো. সালাউদ্দিন কামরানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সাপমারা এলাকার বাসিন্দা পেদা ত্রিপুরার ছেলে গজেন্দ্র ত্রিপুরা (৬০), গজেন্দ্র ত্রিপুরার দুই ছেলে ধরেন কিশোর ত্রিপুরা (৩০) ও বিকাশ ত্রিপুরা (২৫) এবং একই এলাকার লাল কিশোর ত্রিপুরার ছেলে হিমেল জ্যোতি ত্রিপুরা (৩৩)। আটককৃতরা আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে যুক্ত বলে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ইউপিডিএফ-এর একটি সূত্র আইন-শৃংখলা বাহিনীর এ দাবিকে ভিত্তিহীন দাবি করে বলা হয়, মিথ্যা অভিযোগ সাজিয়ে তাদের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা যায়। তাদের নেতৃত্বে মাটিরাঙ্গা-খাগড়াছড়ি সড়কের সাপমারা ও ব্যাঙমারা এলাকায় প্রতিদিন নৈশকোচসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আটকের পর তাদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।