মহেশপুর বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৭
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাস্টার শহিদুল ইসলাম তার ভালাইপুর বাসভবনে নেতা-কর্মীদের সভা শেষে এ ঘোষণা দেন। মাস্টার শহিদুল ইসলাম অসুস্থ থাকাকালীন দলের দায়িত্ব পালনে ব্যর্থতা, দলের মধ্যে গ্রুপিং, কোন্দল ও ভাঙ্গন সৃষ্টিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে মহিউদ্দিন মহিকে অব্যাহতি দেয়া হয়েছে। মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান জানান, এর আগে মহিউদ্দিন মহির বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়। দলের সিদ্ধান্তক্রমে সোমবার আনুষ্ঠানিক ভাবে তাকে অব্যাহতির দেয়া হয়। বিএনপি নেতা মহিউদ্দিন জানান, এটা এক ধরনের ষড়যন্ত্র ও স্বেচ্ছাচারিতা। অব্যাহতির ঘোষণার সাথে-সাথে মহিউদ্দিন অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেন। মিটিং চলাকালীন সময়ে বেশ কয়েকবার হাতাহাতি হয়েছে। দলের নেতা-কর্মীরা জানায়, পার্টির সভাপতি অসুস্থ থাকা অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান দলকে সমন্বয় করে টিকিয়ে রাখেন।