ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং অব্যাহত রাখুন

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২১:৪৩
ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। চট্টগ্রামের পাশাপাশি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়টি মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনা করছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এবিএম আবুল কাসেমের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, বর্তমানে রমজানের শেষ পর্যায় চলছে। শুরু থেকে বাজার পরিস্থিতি নিয়ে মনিটরিং সম্পর্কে মন্ত্রণালয়ের পেশ করা প্রতিবেদন নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। কমিটিকে জানানো হয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সরবরাহ লাইন স্বাভাবিক রয়েছে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত বাজার মনিটরিং কমিটির তত্পরতার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কিছু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। কমিটি এ অবস্থা ধরে রাখার জন্য ঈদ পর্যন্ত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি চাওয়া এফবিসিসিআই’র সদস্য হেলাল উদ্দিনের পদত্যাগপত্র প্রত্যাহার করার সুপারিশ করা হয়। বৈঠকে দেশের বিদ্যমান চা শিল্পের উন্নয়ন, উত্পাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি, রক্ষণাবেক্ষণসহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্থানে চা নিলাম কেন্দ্র স্থাপন সম্পর্কে সংসদীয় দ্বিতীয় উপ-কমিটির দাখিল করা প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী চট্টগ্রামের চা নিলাম কেন্দ্র বহাল রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি নিলাম কার্যক্রম অতি দ্রুত শুরু করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়াও সংসদে উপস্থাপনের জন্য সংসদীয় কমিটির দ্বিতীয় রিপোর্ট দ্রুত সংসদীয় কমিটিতে উপস্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) আইন সম্পর্কে কমিটির সদস্যরা আলোচনা করেন। তারা এ আইনের খসড়া চূড়ান্ত করতে বণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন। কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী জিএম কাদের, বেগম তহুরা আলী এবং বেগম রুমানা মাহমুদ বৈঠকে অংশগ্রহণ করেন। বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাব উল্লাহসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।