সাঈদীর ফাঁসির রায়ের আপিল শুনানি ১৭ সেপ্টেম্বর

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৫
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এই দিন ধার্য করেন। এর আগে অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান আপিল শুনানির জন্য আবেদন জানান। তবে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অবকাশের দুই সপ্তাহ পর আপিল শুনানির দিন ধার্যের আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত ১৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে দেয়। প্রসঙ্গত মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে (ইব্রাহিম কুট্টি ও বিশাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায়) জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডাদেশ দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া আরো ৬টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও সেগুলোতে কোনো দণ্ড দেয়নি আদালত। এ দণ্ড না দেয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং বেকসুর খালাস চেয়ে গত মার্চ মাসে সাঈদী আপিল দায়ের করেন।