হাজারীবাগে বিএনপি নেতা খুনের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৫
রাজধানীর হাজারীবাগে বিএনপি নেতা জসিম উদ্দিন খুনের ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকাণ্ডের ২০ ঘন্টা পর গতকাল সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, বিএনপি নেতা জসিম উদ্দিনকে হত্যার কোন কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনও এ ব্যাপারে কোন ধারণা দিতে পারছেন না। রাজনৈতিক, ব্যবসায়িক বা ব্যক্তিগত কোন বিরোধের কথাও জানা যায়নি। হাজারীবাগ থানার পরিদর্শক ( তদন্ত) নাসির উদ্দিন জানান, গুলিবিদ্ধ হওয়ার সময় জসিমের সঙ্গে তার ছোট মেয়ে ছিল। তার কাছ থেকে ঘটনার বর্ণনা পাওয়া গেছে। সোমবার রাত আটটার দিকে হাজারীবাগের বাসা থেকে বের হন জসিম। এ সময় মোটর সাইকেলে থাকা দু’যুবক তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। তবে তাদেরকে এখনও খুঁজে বের করা যায়নি। জসিম উদ্দিন ২২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি ১৩৩/বি হাজারীবাগের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন। জানাজা ঃ হাজারীবাগ ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মাঠে গতকাল জসিম উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের অভিযোগ করেছেন, রাস্তা এবং তার বাসার আশপাশের দোকানের বাতি বন্ধ করে তাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড পরিকল্পিত। সন্তানদের সামনে একজন রাজনীতিককে গুলি করে হত্যার ঘটনা প্রমাণ করে বর্তমান সরকারের আমলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। এ হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও শান্তির দাবি করেন মির্জা ফখরুল।