বিজ্ঞানের ভয় কাটাতে

আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৪১

 

আমাদের মধ্যে এই ভয়টাই কাজ করতে থাকে যে, বিজ্ঞান হলো মহাসাগর, আর আমরা সাঁতার না জানা নাবিক, যেন আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে অথৈ সাগরে। ৯০% ছাত্রের মাঝেই পড়ালেখার ক্ষেত্রে কোনো একটা বিশেষ বিষয় নিয়ে দারুণ ভয় কাজ করে, এটাই স্বাভাবিক। তরুণদের এই ভয়কে জয় করতে গত ১১ মে ঢাকা কমার্স কলেজে বিজ্ঞান ভবন ও বিজ্ঞান শাখা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, ঢাকা কমার্স কলেজের জিবি সদস্য ও সাবেক সচিব এ এফ এম সরওয়ার কামাল ও জিবি সদস্য ও কলেজের প্রথম অধ্যক্ষ মো. শামছুল হুদা এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঢাকা কমার্স কলেজের ১৫তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন উদ্বোধন করেন। উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে ঢাকা কমার্স কলেজে ব্যবসায় শিক্ষা শাখার সঙ্গে বিজ্ঞান শাখা চালু হয়েছে। বিজ্ঞান ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বিস্তারে বাস্তবমুখী কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বিজ্ঞান শিক্ষা অপরিহার্য। ঢাকা কমার্স কলেজে বিজ্ঞান শাখা উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসায় শিক্ষা সঙ্গে বিজ্ঞান শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্বাগত ভাষণে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা কমার্স কলেজের জন্য আজ ঐতিহাসিক দিবস। অত্র কলেজের নিজস্ব পৃথক সুবিস্তৃত ভবনে বিজ্ঞান শাখা প্রবর্তনের ফলে বৃহত্তর মিরপুরে মানসম্মত বিজ্ঞান শিক্ষার দ্বার উন্মোচিত হলো।’