নীলফামারীর জলঢাকায় চাওড়াডাঙ্গি স্কুল ও কলেজে ম্যানেজিং কমিটির অন্তর্কোন্দলের কারণে কমিটির সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে করে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করছে এলাকাবাসীসহ অভিভাবকমহল। সরেজমিনে জানা গেছে, উপজেলার চাওড়াডাঙ্গি স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে স্থানীয় সাংসদ কাজী ফারুক কাদের গত ২০ মে সাব্বির হাসান মানিককে মনোনয়ন দেন এবং পরবর্তীতে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে শোয়েব আহম্মেদ মুনামকে মনোনয়ন দেন। মুনামকে সভাপতি মনোনয়ন দেয়ায় কমিটির অভিভাবক, শিক্ষক প্রতিনিধিসহ অন্য সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমনকি গত সোমবার ম্যানেজিং কমিটির একটি মিটিং ডাক দিলেও কমিটির সদস্যরা উপস্থিত হননি। সাবেক সভাপতি বর্তমান দাতা সদস্য সাব্বির হাসান মানিক বলেন, দীর্ঘদিন ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আমি কতটুকু উন্নয়ন করেছি তা প্রতিষ্ঠান দেখলেই বোঝা যায়। আমাদের এম.পি সাহেব এলাকার খোঁজ-খবর না নিয়ে একতরফাভাবে বর্তমান সভাপতিকে মনোনয়ন দিয়েছেন, এতে কমিটির অধিকাংশ সদস্যের মাঝে বিরোধ দেখা দিয়েছে।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ মনমোথ রায় জানান, ‘গত সোমবার মিটিং ডাকা হয়েছিল, কমিটির সদস্যরা কি কারণে উপস্থিত হননি জানি না।’ কমিটির বর্তমান সভাপতি শোয়েব আহম্মেদ মুনাম জানান, ‘আমাকে কারা মানবে কি মানবে না তা আমার দেখার বিষয় নয়।’
