জেলা শহর রক্ষা বাঁধের প্রায় অর্ধশত ফুট জায়গা দেবে যাওয়ায় বাঁধটির ব্যাপক ক্ষতি হয়েছে। আড়িয়াল খাঁয় আরো পানি বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ক্ষয়-ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
হঠাত্ করে আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি ও প্রবল বর্ষণের পর মাদারীপুর শহর রক্ষা বাঁধটির অংশবিশেষ দেবে যায়।
ইতোমধ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত অংশসহ বাঁধের প্রয়োজনীয় সংস্কার করা হবে।
এদিকে খুলনা-ঢাকা মহাসড়কের শিবচরের হাজী শরীয়তউল্লা সেতু হুমকির মুখে পড়েছে। আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি ও তীব্র ভাঙনের ফলে দেশের গুরুত্বপূর্ণ এ সেতুটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, আড়িয়াল খাঁর ভাঙ্গনে এলাকা থেকে মহাসড়কটি মাত্র ২শ’ মিটার দূরে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন আরও তীব্র হলে শরীয়তউল্লা সেতুটি আরও হুমকির মুখে পড়বে। শরীয়তউল্লা সেতুটির সম্পূর্ণ কাজ সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
