ফটিকছড়িতে শিক্ষকের গাছ কেটে নিয়ে গেছে ডাকাতরা

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪৩
উত্তর ফটিকছড়ির রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের বসতভিটার গত সোমবার দুই কানি জমির প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে গেছে কাঠ ডাকাতরা। ১০/১২ জনের কাঠ ডাকাত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষকের বাজার ইউপির পশ্চিম গজারিয়া গ্রামের বাড়ির বাগান থেকে বিভিন্ন প্রজাতির এসব গাছ কেটে ফেলে। এ সময় উক্ত শিক্ষক দুর্বৃত্তদের বাধা দিলে দুর্বৃত্তরা তাকেও মারতে উদ্যত হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। শিক্ষক ভুজপুর থানায় দু’ব্যক্তির নামসহ আরো ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দায়েরের কারণে কাঠ ডাকাত দলটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় শিক্ষককে বাস্তুভিটা থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভুজপুর থানার ওসি নিজেই ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু কাটা গাছ জব্দ করেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভুজপুর থানার ওসি মো. কবির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি আমি নিজেই তদন্ত করছি। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।