নড়াইলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:২১
নড়াইলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশেদ পারভেজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে নড়াইল পৌরসভার কুড়িগ্রামের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ পারভেজ সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের জাবেদ হোসেন বুলুর ছেলে। ঘটনাস্থল থেকে র্যাব দুটি ৭.৬২ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়ান শুট্যার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর জাহিদুল করিম সাংবাদিকদের জানান, নড়াইলের সন্ত্রাসী রাশেদ পারভেজ ও তার সহযোগী নাঈম, সাক্ষর ও মাসুদ গত ২৮ জুন যশোর সেনানিবাসে কর্মরত সার্জেন্ট হাফিজের ছেলে নবম শ্রেণীর ছাত্র হাসিবুল হাসান তানভীরকে যশোর থেকে অপহরণ করে এবং অপহরণকারীরা তার (তানভির) মা সেলিনা হাফিজের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত ৩০ জুন র্যাব-৬ এর সদস্যরা নড়াইলের লোহাগড়া পৌরসভার পোদ্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহূত স্কুল ছাত্র তানভীরকে উদ্ধার করে। এসময় অপহরণকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মঙ্গলবার রাতে অপহরণকারীরা নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় হ্যালিপ্যাডে বৈঠক করছে। আমরা সেখানে পৌঁছানো মাত্র অপহরণকারীরা আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি করি। কিছু সময় গোলাগুলির পরে আমরা দেখতে পাই যে, একজন পড়ে আছে। এলাকাবাসী তাকে রাশেদ পারভেজ বলে নিশ্চিত করেছে। নড়াইল সদর থানার ওসি মো. রফিকুল ইসলামও রাশেদ পারভেজ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি র্যাব ভাল জানে।