টেলিভিশনের অনুষ্ঠান থেকে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে বলিউড তারকা সালমান খান নতুন রেকর্ড গড়লেন। তিনি রিয়েলিটি শো ‘বিগ বস ৭’ উপস্থাপনার পারিশ্রমিক হিসেবে প্রতি পর্ব থেকে পাঁচ কোটি রুপি নিচ্ছেন। মোট ২৬ পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করে সব মিলিয়ে ১৩০ কোটি রুপি নিচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ অভিনেতা।
২০০২ সালে গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে সালমান খানের মামলার বিচারকাজ শুরু হচ্ছে আগামী ১৯ আগস্ট। দোষী প্রমাণিত হলে তার ১০ বছর কারাদণ্ড হতে পারে। এ জন্য ১৯ আগস্টের আগেই বিগ বস ৭-এর শুটিং শেষ করতে চান তিনি। এজন্য সপ্তাহে দুটি করে পর্বের দৃশ্য ধারণে অংশ নেবেন ৪৭ বছর বয়সী এ তারকা। মিড-ডে ডটকম এসব তথ্য জানিয়েছে।
সালমান খান এর আগে তিনবার ‘বিগ বস’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। সর্বশেষ বিগ বস ৬ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে প্রতি পর্বে আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। সালমানের উপস্থাপনায় স্যাটেলাইট চ্যানেল কালারস টিভিতে এবারের পর্ব প্রচার হবে সেপ্টেম্বরে। সোম থেকে শুক্রবার ভারতীয় সময় রাত ৯টায় অনুষ্ঠান প্রচার হবে। এবারে আয়োজনে তাকে দেবদূত ও শয়তানের ভূমিকায় দেখা যাবে।
ছোটপর্দার অনুষ্ঠানের প্রতি পর্বে ৩৫ লাখ রুপি থেকে শুরু করে তিন কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বলিউড তারকারা। ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে প্রতি পর্ব থেকে আমির খান পেয়েছেন তিন কোটি রুপি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান থেকে অমিতাভের আয় ছিল দুই কোটি রুপি। ‘টোটাল ওয়াইপ আউট: জোর কা ঝটকা’ অনুষ্ঠান থেকে একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন শাহরুখ খান। হূত্বিক রোশনও একই পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন ‘জাস্ট ড্যান্স’ অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য।
