আগামী অক্টোবরের মধ্যে ৩০ হাজার কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করা হবে। আর এ লক্ষ্যে চলতি মাসেই এসব কর্মীর ডাটা মালয়েশিয়াতে পাঠানো হবে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপরোক্ত তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সর্বশেষ অবস্থা কমিটিকে অবহিত করা হয়। এরপর কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
মন্ত্রণালয় বলেছে বিভিন্ন প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ১০ হাজার কর্মী বাছাই করা হয়েছিল। এদের মধ্যে আট হাজার ৩৯১ জন কর্মী ক্লিন ডাটা মালয়েশিয়ার সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে। আগষ্ট মাসের মধ্যে ৩০ হাজার কর্মীর ডাটা প্রেরণ করা সম্ভব হবে। তাছাড়া আগামী অক্টোবর মাসের মধ্যেই ৩০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় প্রেরণ করা সম্ভব হবে।
সৌদি আরবে বাংলাদেশি জনশক্তির আকামা পরিবর্তনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয় যে, গত ২১ জুলাই পর্যন্ত নতুন পাসপোর্ট গ্রহণ, পাসপোর্ট নবায়ন, ট্রাভেল পাস, আউট পাস গ্রহণসহ সর্বমোট দুই লাখ ৪৪ হাজার ৫১৯ জন অবৈধভাবে সৌদিতে বসবাসকারী বাংলাদেশিকে সহায়তা প্রদান করা হয়েছে। মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণ এবং সৌদি আরবে অবৈধ অভিবাসীদের আকামা পরিবর্তনের বিষয়ে সকল প্রকার জটিলতা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ করা হয়।
এদিকে প্রবাসী কল্যাণ তহবিলের টাকা স্কুল, কলেজ ও মাদ্রাসায় সহায়তা ব্যয় না করার জন্য ২০০২ সালের আইনটি প্রয়োজনীয় সংশোধন পূর্বক মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। বর্তমান সংসদের আগামী অধিবেশনে এ আইন পাস করা হবে। কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, মো. শাহাব উদ্দিন, কর্ণেল (অব.) এ,এ, মারুফ সাকলান এবং শাহিদা তারেখ দীপ্তি বৈঠকে অংশগ্রহণ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
