ঢাবির ছাত্রসহ হিযবুতের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৩
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করেছে র্যাব-২। র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, ধানমন্ডির ৮/এ নম্বর রোডের ৩২৫/১ নম্বর বাড়িতে বুধবার রাতে হিযবুত তাহরীরের একটি বৈঠক চলছিল। র্যাব ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র তারিক আহসান, বেসরকারি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র মো. সাইফুল্লাহ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এম এম রাশেদুল আলম। তাদের কাছ থেকে হিজবুত তাহরীরের ১৮টি বই, ১২টি ম্যাগাজিন, সাড়ে পাঁচশ’ লিফলেট, একটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। র্যাব আরো জানায়, পবিত্র রমজান মাসে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ‘হিজবুত তাহ্রীর’ সংগঠনটি তাদের দাওয়াতি কার্যক্রম আরও বৃদ্ধি করেছে। সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের টার্গেট করে তারা মোটিভেশনাল কার্যক্রম অব্যাহত রেখেছে। সমপ্রতি রাজনৈতিক অস্থিরতার সুযোগে এ সংগঠনটি তাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের গতি সঞ্চার করে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে গোপন সূত্রে র্যাব জানতে পেরেছে।