মগবাজারে কুপিয়ে জখম করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৫
রাজধানীর মগবাজার এলাকায় বৃহস্পতিবার বিকালে এক ব্যক্তিকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত জারাফ সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কর্মচারী সাকিল আহম্মদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সাকিল আহম্মদ বিকাল সাড়ে ৩টার দিকে বিভিন্ন দোকান থেকে পাওনা টাকা কালেকশন করে বড় মগবাজার আমবাগান এলাকায় পূর্ব পরিচিত ফার্মেসিতে বসে টাকা গুনছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাকে দোকান থেকে বের করে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঐ প্রতিষ্ঠানের ম্যানেজার আরেফিন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত সাকিলের বাসা রাজধানীর পূর্ব জুরাইনের আলমবাগ এলাকায়।