আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ড. কামালের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি প্রসঙ্গে বলেছেন, সিইসির পদত্যাগ চাওয়ার অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন করতে চায় না। যারা ভোটের এক মাস আগে ইসির পদত্যাগ দাবি করে তাদের উদ্দেশ্য পরিষ্কার। তারা ষড়যন্ত্রকারী। তারা নির্বাচন বানচাল করতে চায়। একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, দলছুট নেতারা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে। জনবিচ্ছিন্ন নেতাদের নিয়ে দলটি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপির ভাঙা হাট আর জোড়া লাগবে না। তিনি বলেন, সারাদেশে নৌকার জোয়ার উঠেছে। বিজয়ের মাসে নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছবে। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সহকারী রিটার্নি কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের মহাজোটের এমপি প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।
সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, সোমবার মওদুদ আহমেদ নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে আচরণবিধি লংঘন করেছেন। কিন্তু আমি তা করিনি। আজকে আমাকে বহনকারী গাড়িতে পতাকা নেই। গাড়িটি আমার ব্যক্তিগত। সরকারি প্রতিষ্ঠান ও ডাকবাংলো ব্যবহার করিনি। নিজ বাড়িতে উঠেছি। এটাই লেভেল প্লেয়িং ফিল্ড নয় কি?
