শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেছে ব্যবসায়ীরা। এ ঘটনায় অপু মন্ডল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোজেশ্বর বাজারে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বাজারের ঢালী মিস্টান্ন ভান্ডারে নোংরা পরিবেশে মিষ্টি বানানো ও বিভিন্ন ত্রুটি থাকার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পাশের রাসেল ফার্মেসির মালিক রাসেল ভয়ে দোকান বন্ধ করে সরে যাওয়ার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতে থাকা পুলিশ তাকে ধরে মারধর করে।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করে। নড়িয়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফার্মেসিটি সিলগালা করে দেয়া হয়েছে।
