প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পুত্র বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় এবং তার পত্নী ক্রিস্টিন ওভারমায়ারও ছিলেন।
ইফতারের আগে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ১৫ আগস্টের অন্যান্য শহীদ এবং স্বাধীনতা যুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার শান্তিও কামনা করা হয়।
ইফতারে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, একই দলের নেতা জিয়াউদ্দিন বাবলু ও রুহুল আমিন হাওলাদার, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী যোগ দেন। পাশাপাশি মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
