ঈদ বোনাসের দাবিতে নরসিংদীর চৌয়ালা শিল্প এলাকায় পাওয়ারলুম শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ব্যাপক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। মালিক সমিতির অফিসসহ অন্তত ১০টি পাওয়ালুম ফ্যাক্টরি, সাইজিং মিল ও ৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ লাখ টাকা বলে মালিক পক্ষ দাবি করেছে। সাড়ে ১১টার দিকে নরসিংদীর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে গেলে শ্রমিকরা বাধা দেয়। পরে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাজল টেক্সটাইল মিলের মালিক আব্দুর রশিদ জানিয়েছেন তার দু’টি ফ্যাক্টরিতে ৪০টি পাওয়ারলুম মেশিন ও ২টি নতুন মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে শ্রমিকরা।
উল্লেখ্য, নরসিংদীর চৌয়ালা শিল্প এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের সময় শ্রমিকদেরকে এক হাজার টাকা করে ঈদ বোনাস দেয়া হতো। গত বছর আন্দোলনের মুখে মালিক সমিতি শ্রমিকদের ঈদ বোনাসের পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকায় নির্ধারণ করে। কথা ছিল আগামী ৩ বছর শ্রমিকরা কোন আন্দোলন করবে না। কিন্তু দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় শ্রমিকরা এ বছর রমজান আসার সাথে সাথেই বোনাসের পরিমাণ বৃদ্ধির দাবি জানান।
