চাই সালামি

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:৪১
ঈদকে কেন্দ্র করে আমাদের মাঝে অনেক কিছুর প্রচলন আছে। তার মধ্যে যেমন আছে নতুন জামা-কাপড়-জুতা তেমন আছে সেমাই-পায়েশের আয়োজন। আর একটি বিশেষ আয়োজন আছে তা হলো ঈদি বা সালামি দেওয়া-নেওয়া। এটি নিয়ে পরিবারে বড়রা সব সময়ই এক ধরনের চাপা আতঙ্কে থাকে। অন্যদিকে ছোটরা তুমুল উত্সাহ নিয়ে খুঁজতে থাকে বড়দের। মনে শুধু একটাই বাসনা তা হলো সালামি পাওয়া, তাও আবার হতে হবে নতুন টাকায়। স্নেহভাজনদের সালামি দিতে পারবে আর এতটুকুতেই পরিবারে বড়দের আত্মতৃপ্তি। অনেকের মনে হতে পারে নতুন টাকায় সালামির প্রচলন হয়তো এখন আর নেই। তবে ঈদের দিনে নতুন টাকার গন্ধ সব বয়সীদেরই আনন্দিত করে এ নিয়ে আমাদের এবারের আয়োজনে লিখেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন তাহের মানিক ঈদ মানেই সকালবেলা ঘুম থেকে উঠে নতুন পাঞ্জাবি পরে নামাজে যাওয়া। নামাজ শেষে কোলাকুলি আর নতুন টাকার সালামি পাওয়া। ঈদে বড়দের কাছ থেকে সালামি পাওয়া আমাদের এখানে দীর্ঘদিন ধরে চলে আসছে। ছোটরা ঈদকে বড় আনন্দের দিন হিসেবে উপভোগ করে। ঠিকমতো সালামি আদায় করতে পারলে ঈদের কয়েকটা দিন যে বিপুল আনন্দে কাটবে তাতে কোনো সন্দেহ নেই। আর সেই সালামির টাকা হতে হয় নতুন নোটে। তাই নতুন নোটের চাহিদা ঈদের আগে বেড়ে যায়। ব্যাংকগুলোতে ভিড় বেড়ে যায় পুরোনো টাকার পরিবর্তে নতুন টাকা গ্রহণের। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক নতুন নোট সরবরাহ বাড়িয়ে দিলেও সবাই সেই সুযোগ গ্রহণ করতে পারে না। তাই বাইরে থেকে নতুন টাকা সংগ্রহ করার ঝোঁক থাকে তাদের। আর এই সুযোগটি গ্রহণ করে নোট জালকারী প্রতারকচক্র। বিশেষ করে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটই বেশি জাল হয়ে থাকে। প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে অচেনা কিংবা বিশ্বস্ত নয়, এমন কারও কাছ থেকে নতুন টাকার নোট গ্রহণ করা ঠিক নয়। কিছু ঈদি টিপস ++ ঈদের সময় পোশাক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নতুন জামাকাপড় ছাড়া ঈদে মজা করার প্রশ্নই আসে না। এ ছাড়া ঈদের জামা ঈদের আগে কাউকে দেখতে না দেওয়ারও একটি প্রচলন আছে। যত আবদারই করুক না কেন কেউ, কাউকে ঈদের পোশাক দেখানো যাবে না। কারণ ঈদের আগে ঈদের জামা অন্যরা দেখে ফেললে সেটা পুরোনো হয়ে যায়। সে পোশাক দিয়ে ঈদ হয় না। কিন্তু কৌশলে অন্যদের ঈদের জামা ঈদের আগে দেখে পুরোনো করে দেওয়ারও একটি প্রতিযোগিতা দেখা যায়। তবে এ বিষয়টাকে স্রেফ মজা হিসেবে দেখুন। ++ রমজানের ঈদ চাঁদ দেখার উপর নির্ভর করে। ঈদের চাঁদ দেখা মানেই খুশির আমেজ ছড়িয়ে পড়া। এক্ষেত্রে আপনি সোজা খোলা মাঠে চলে যেতে পারেন। সবার আগে চাঁদ দেখতে পারাটা সম্মানজনক বিষয়ও বটে। এই সম্মানটা পাওয়ার লোভে অনেকেই চাঁদ না দেখেই ‘ঐ যে চাঁদ, ঐ যে চাঁদ’ বলে চেঁচাতে থাকে। ওদের কথায় কান না দিয়ে নিজে নিজে চাঁদ খুঁজে বের করাটাই ভালো। ++ ঈদের আগের রাতে সবকিছু গুছিয়ে রাখবেন; যেমন পায়জামার ফিতা, টুপি, পাঞ্জাবি, সেভ করার প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি যা যা আপনাদের প্রতিদিন সকালে লাগে। আপনি যদি সকাল ঘুম থেকে উঠে দেখেন আপনার পায়জামার ফিতা পাচ্ছেন না, তাহলে নিশ্চয় ঈদের সকালের শুরুটা আপনার ভালো লাগবে না। কোথায় কোথায় যাবেন, কী কী করবেন আগ থেকে সব পরিকল্পনা করে রাখুন। এতে করে আপনার সময়টা বাঁচবে। ++ অন্যান্য সময় খুব একটা না হলেও ঈদের সময়ে টেলিভিশনে নানা রকম অনুষ্ঠান হয়। কিন্তু তখন দেখা যায় অন্য চ্যানেলে চলছে ঈদের বিশেষ বাংলা ছবি। আরও বড়রাও সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে। এ রকম অবস্থায় আপনাদের অনুষ্ঠানগুলো দেখার জন্য সময় ভাগাভাগি করে নেওয়াই ভালো। বড়দের জন্য একটা সময় আর বাড়ির ছোটদের জন্য আরেকটা সময়। তাহলে দিনটি সুন্দরই কেটে যাবে। ++ খুব সকালে ঘুম থেকে উঠবেন যেন ফজর নামাজটা জামাতের সাথে পড়তে পারেন, এতে করে সারাদিন আপনার ভালো লাগবে। ইচ্ছা করলে নামাজ পড়ে ৫-১০ মিনিট হাঁটুন তারপর গোছল করে নিন। এরপর মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে যান। ++ ঈদের দিনে জানি খাওয়াদাওয়া বেশি হয়, তাই খাওয়াদাওয়ার ব্যাপারে একটু সাবধান থাকবেন। তা না হলে আপনাকে ঈদ বাড়িতে শুয়ে কাটিয়ে দিতে হবে। এই ব্যাপারে পরামর্শ হচ্ছে, নিজের পকেটে স্যালাইন রাখবেন, হাজমলাও রাখতে পারেন। এ ছাড়াও মুখের রুচি বাড়ানোর জন্য আমলকি কিনে রাখতে পারেন। এসব যদি না পারেন, তাহলে বিকেলে অথবা সন্ধ্যার দিকে দই খেয়ে নিতে পারেন কারণ দইও কিন্তু হজমে সাহায্য করে। ++ সবার আগে উপর থেকে বেড়ানো শুরু করবেন অর্থাত্ যেখানে গেলে আপনি সালামি পাবেন সেখানে আগে যাবেন। যে টাকা সালামি পাবেন সে টাকা যথাযথ খরচ করুন। যদি ওখান থেকে কিছু বাঁচাতে চান তাহলে টাকাগুলো ভাংতি করে নেবেন, যেমন ১০ টাকার নতুন নোটে। বিশেষ করে ছোটরা নতুন দেখলে পুরোনো বড় নোটও নিতে চায় না। ++ প্যান্ট-শার্ট না পড়ে পাঞ্জাবি-পায়জামা পড়ার চেষ্টা করুন এতে এই গরশে কিছুটা আরাম পাবেন। ঈদের দিন খুশির দিন, তাই খুশির তোড়ে নামাজ যেন বাদ না যায় সে দিকে অবশ্যই খেয়াল রাখবেন। মডেল ইভান ও পূর্ণিমা