চাপ বাড়াচ্ছেন বাটলার

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৩৭

স্পোর্টস ডেস্ক

দারুণ ফর্মে আছেন জশ বাটলার। ৫৫ বলে ১১০ রানের অপরাজিত এক ইনিংস খেলার সুবাদে ব্রিটিশ মিডিয়ার নায়ক এখন তিনি। শুধু মিডিয়াতেই নয়, দলের ব্যাটসম্যানদের মধ্যেও নাকি তিনি চাপ সৃষ্টি করছেন, জানালেন ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়।

বাটলারের প্রশংসা করে জেসন রয় স্কাই স্পোর্টসকে বলেন, ‘আসলে ওর ব্যাটিংয়ে আমি অবাক হইনি। ও যেভাবে পরিশ্রম করে, তাতে ওর এমন ইনিংসই খেলা উচিত। এর ফলে দলে এখন একটা দারুণ প্রতিযোগিতা চলছে। মিডল অর্ডারে এমন রান এলে আসলে টপ অর্ডারের চাপটা বেড়ে যায়। বাটলার দারুণ এক প্রতিভা, ওর আসলে আরো সম্মান প্রাপ্য।’

বাটলারের ইনিংসের প্রশংসা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন। তিনি বলেন, ‘আমি বড় কিছু বলতে চাই না। তবে, ও যদি সঠিক পথে থাকে ওয়ানডের ইতিহাসে সেরা ৩-৪ জন ব্যাটসম্যানের একজন হতে পারে। বাটলার আসলে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, এম এস ধোনি, ভিভ রিচার্ডসদের মানের ব্যাটসম্যান।’

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। লন্ডন ওভালে প্রথম দিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। সর্বশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপেরও আয়োজক ছিল ইংল্যান্ড। এই টুর্নামেন্টে নিজেদের বিশ্বকাপের ট্রফি জিততে না পারার আক্ষেপ মুছে ফেলতে চায় ইয়ন মরগ্যানের দল।