এএফসি কাপ ফুটবল

চেন্নাইনের সামনে আবাহনীর টিকে থাকার লড়াই

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৩৮

সোহেল সারোয়ার চঞ্চল

আবাহনী এবং ভারতের চেন্নাইন এফসি আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপ ফুটবলের ‘ই’ গ্রুপে খেলবে। গ্রুপের অন্য দুই দল নেপালের মানাং মারসিয়াংদী এবং ভারতের মিনারভা পাঞ্জাবও চোখ রাখবে এই খেলাটিতে। কারণ এই ম্যাচটির উপর গ্রুপের হিসাব নিকাশ নির্ভর করছে।

পরিস্থিতি আবাহনীর জন্য কঠিন। কারণ ‘ই’ গ্রুপ হতে একটা দল পরবর্তী রাউন্ডে উঠবে। তাই আজ হারলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে আবাহনীর। তিন খেলায় ৭ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে চেন্নাইন এফসি। সমান খেলায় আবাহনীর পয়েন্ট ৪। আজ জিততে পারলে ভালো। ড্র কিংবা হার হলে আবাহনীকে টপকে যাবে মিনারভা পাঞ্জাব। তাই লড়াইয়ে টিকে থাকতে হলে আবাহনীর জয় দরকার।

কাঙ্ক্ষিত জয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুুযোগ থাকবে আবাহনীর যেখানে এখনো খেলার সুযোগ পায়নি ঢাকার দলটি। এমন প্রেক্ষাপটের মধ্যেই আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস বললেন, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। হেরে গেলো কোনো চান্স থাকবে না। যদি জিতি তাহলে কিছুটা সম্ভাবনা থাকবে। তখন ওদের সঙ্গে আমাদের পয়েন্ট সমান হয়ে যাবে।’

স্বাগতিক কোচ আরো বলেন, ‘ম্যাচটাকে আমরা ফাইনাল হিসেবে নিচ্ছি। শেষ তিনটি ম্যাচে আমাদের ডিফেন্ডাররা ভালো খেলেছে। বিশেষ করে চেন্নাই ম্যাচে তারা খুব বেশি সুযোগ দেয়নি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গেলে চান্স থাকবে না। আমরা অনেক নিচে চলে যাবো। আমার কাছে এই ম্যাচ ফাইনাল ম্যাচ।’

চেন্নাইন এফসির ইংলিশ কোচ জন গ্রেগরি বললেন, ‘দুই সপ্তাহ আগে আমাদের মাঠে আমাদের বিপক্ষে আবাহনীও ভালো খেলে এসেছে। আমার মনে হয় গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটি খেলতে যাচ্ছি আমরা।’

উজ্জীবিত ভারতীয় দলের বিপরীতে আবাহনী ভুগছে কমবেশি ইনজুরিতে। এ নিয়ে দলের দুশ্চিন্তা কমছে না। টুটুল হোসেন, বাদশা চার ম্যাচ বাইরে, তপু বর্মন এবং আতিকুর রহমান ফাহাদের হাঁটুতে সার্জারি। ব্রাজিলিয়ান ওয়েলিংটন, নাইজেরিয়ান সানডে এবং ওয়ালী ফয়সালও চোঁটমুক্ত নয়। বাদশা মাত্রই অনুশীলন শুরু করেছে। তাকে খেলানোর চেষ্টা করছেন আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস।

কোচ লেমস বললেন, ‘ফুটবলে ইনজুরি হবেই। যদি বলি আমরা তপু ও ফাহাদকে মিস করব না, তাহলে মিথ্যা বলা হবে। জাতীয় দলের এই দুই খেলোয়াড় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এটা দুর্ভাগ্যজনক চোঁট তাদের মৌসুম শেষ করে দিয়েছে। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমরা লড়াই করব। খেলোয়াড়দের বলেছি জিততে হবে।’

আহমেদাবাদে চেন্নাইন এফসির বিপক্ষে খেলার শেষ দিকে আত্মঘাতী গোলে হেরেছিল আবাহনী। গতকাল দুপুরে বাফুফেতে এএফসি ম্যাচের সংবাদ সম্মেলনে আবাহনীর কোচ বললেন, ‘চেন্নাইনকে সুযোগ দেওয়া যাবে না।’ কোচ যাই বলুন এই চেন্নাইনের বিপক্ষে ৭৯ মিনিটে ডিফেন্সের ভুলে আত্মঘাতী গোলে হেরেছিল আবাহনী। ফরোয়ার্ড ব্রাজিলিয়ান ওয়েলিংটন ডিফেন্সে খেলেছিলেন। তারই পায়ে লেগে গোল হয়েছিল।

অতিথি কোচ জন গ্রেগরি বললেন, ‘আবাহনীকে নিয়ে আমরা কাজ করেছি। তাদের দলে লম্বা থ্রো করে একজন যেটা আমাদের খুব ভোগায়। যাই হোক গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ আমরা নিজেদের ঘরে আহমেদাবাদে খেলেছি। খুব কঠিন ছিল। তবে আমরা তিন ম্যাচেই জয় পেয়েছি। আজ আমাদের খুবই কঠিন ম্যাচ।’

চেন্নাইন জিতলে পরবর্তী রাউন্ডে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা। এবার নিয়ে তিনবার এএফসি কাপ খেলছে আবাহনী। এএফসি প্রেসিডেন্ট কাপে দুই বার খেলেছে।