পটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোডে সদ্য নির্মিত পয়ঃনিষ্কাশনের ড্রেনের ভেতরে স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ লাইন। এতে পৌর শহরের কয়েক হাজার পরিবারের বিশুদ্ধ পানি না পাওয়ার আশংকা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও পানি সরবরাহের পাইপ লাইন ড্রেনের মধ্যে রেখেই কাজ সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসী জানায়, পৌর কর্তৃপক্ষ কোনো মাস্টার প্লান না করে তাদের খেয়াল-খুশিমতো পয়ঃনিষ্কাশনের ড্রেন নির্মাণ করছেন। গলাচিপা পৌরসভার পানি সরবরাহ শাখার বিভিন্ন পাইপ লাইনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় প্রায়ই পৌরবাসীকে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা পানি পান করতে হচ্ছে। পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল-রেস্তোরাঁয় এ পানিই পান করানো হচ্ছে । অভিরুচি রেস্তোরাঁর মালিক সুমন পাল জানান, পৌর শহরের মধ্যে অধিকাংশ নলকূল অকেজো থাকায় বাধ্য হয়ে ক্রেতাদের পৌরসভার সরবরাহকৃত পাইপ লাইনের পানি পান করতে হচ্ছে।
গলাচিপা পৌরসভার প্রকৌশলী এইচএম সোলায়মান জানান, ড্রেন নির্মাণে শহরের অধিকাংশ স্থানে বিকল্প জায়গা না থাকায় এ পরিকল্পনা নেয়া হয়েছে। তবে পানি সরবরাহের পাইপ লাইনে ড্রেনেজের পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই।
