দুর্নীতি রুখতে অনন্য পদক্ষেপ

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৩৯

স্পোর্টস ডেস্ক

আসন্ন বিশ্বকাপকে দুর্নীতিমুক্ত রাখতে আইসিসি অভিনব এক পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের সঙ্গেই থাকছেন একজন করে দুর্নীতি বিরোধী কর্মকর্তা।

ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, আইসিসি প্রদত্ত এই দুর্নীতি বিরোধী কর্মকর্তারা প্রস্তুতি ম্যাচ থেকেই প্রত্যেকটি দলের সঙ্গে থাকবেন। এর আগে জানানো হয় যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী বিভাগ প্রতিটি মাঠে একজন করে কর্মকর্তা পাঠায়। যার ফলে দলগুলোকে অনেক কর্মকর্তার সামনে পড়তে হতো।  কিন্তু এখন সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন কর্মকর্তার অধীনেই একেকটি দল প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে প্রতিযোগিতার শেষ পর্যন্ত খেলবে। কর্মকর্তারা দলগুলোর সঙ্গে একই হোটেলে থাকবেন এবং অনুশীলন ও ম্যাচের সময় দলগুলোর সঙ্গে ভ্রমণ করবেন।

এই সিদ্ধান্তটি বিশ্বকাপকে দুর্নীতি ও জুয়ার কবল থেকে বাঁচাতে আইসিসির দুর্নীতি দমন বিভাগের একটি প্রয়াস। ধারণা করা হচ্ছে, খেলোয়াড়দের সঙ্গে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের বোঝাপড়া সৃষ্টিতেও দারুণ ভূমিকা রাখবে। প্রতিবেদনটিতে আরো বলা হয়, ‘পুরো প্রতিযোগিতাজুড়ে দলগুলোর সঙ্গে থাকার ফলে কর্মকর্তারা খেলোয়াড় কিংবা ব্যাক রুম স্টাফদের পেছনে পেছনে ঘুরতে থাকা যে কোনো সম্ভাব্য দুর্নীতিবাজকে সনাক্ত করতে পারবেন এবং সন্দেহজনক আচরণও চিহ্নিত করতে পারবেন।’