ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আর দূরত্ব নেই :অর্থমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৪০

মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের আর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি পুরোপুরি কেটে গেছে। আসছে বাজেটে কোনো পণ্যে ভ্যাটের হার বাড়বে না বরং কমবে। আইনগত কারণে ভ্যাট আইনের সব তথ্য এখন প্রকাশ সম্ভব নয়, তবে আইনে ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর নয় বরং ব্যবসায়ী বান্ধব আইন হবে। ফলে সেটা বোঝানোর পর ব্যবসায়ীরা আশ্বস্ত হয়েছেন। যার ফলে এনবিআর-এর সঙ্গে ব্যবসায়ীদের কোনো দূরত্ব নেই বলে জানান অর্থমন্ত্রী। গতকাল মঙ্গলবার শেরে বাংলানগরে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইন বাস্তবায়ন দু-একদিনের কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া অর্থাত্ এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনযোগ্য। ভ্যাট আইন বাস্তবায়নের পরও যদি কোথাও কোনো সীমাবদ্ধতা দেখা দেয় তাহলে তা পরিবর্তন করে সময়োপযোগী করা হবে। ভ্যাট আইন স্বচ্ছতার সঙ্গে ঝামেলাহীনভাবে আসছে পহেলা জুলাই থেকেই বাস্তবায়ন করা হবে। এই বিষয়ে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন। ভ্যাট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কোন পণ্যে কি হারে ভ্যাট বসবে ব্যবসায়ীরা আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা তাদেরকে বলেছি, বিদ্যমান যেসব আইন আছে, তাতে বাজেট ঘোষণার আগ পর্যন্ত কোন পণ্যে কত শতাংশ হারে ভ্যাট বসবে, সে তথ্য প্রকাশের কোনো নিয়ম নেই। বাজেট ঘোষণার আগে এসব তথ্য প্রকাশ করা যায় না। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ভ্যাট আইন বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা পরবর্তীতে সংশোধন ও পরিবর্তনের সুযোগ রয়েছে। ভ্যাট আইন সংস্কারে এফবিসিসিআই ও এনবিআরের যৌথ উদ্যোগে একটি ওয়ার্কিং গ্রুপ করা হবে। যারা ভ্যাট আইন সংস্কারে ভবিষ্যতে কাজ করবে। বৈঠকে এফবিসিসিআই-এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন অর্থমন্ত্রীর উপর আস্থা ও বিশ্বাস রেখে বলেন, উনি আমাদের বলেছেন কোনো পণ্যে ট্যাক্স বৃদ্ধি পাবে না। তবে ট্যাক্সের আওতা আরো বাড়বে। ভ্যাটের কারণে পণ্যের দাম বাড়ুক এটা অর্থমন্ত্রী চান না। সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর নবনির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আগামী পহেলা জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাট আইন নিয়ে সরকার ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা করছে না বলে অভিযোগ করে আসছে ব্যবসায়ীরা। একই সঙ্গে কোন পণ্যে কত শতাংশ ভ্যাট বসবে তা নিয়েও অস্পষ্টতা রয়েছে বলে গত কয়েকদিন ধরে বলে আসছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। বিষয়টি সুরাহা করতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠিও দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের তরফ থেকে। এমন বাস্তবতায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী।