কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যারা মুচলেকা দেয়, তারা দাগি অপরাধী। আর যাদের ভবিষ্যত্ নেতা মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করে, তাদের মুখে বড় বড় কথা মানায় না। ২০০৮ সালের ১ সেপ্টেম্বর তারেক জিয়া বিএনপির যুগ্ম মহাসচিব এবং সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণের মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফের চাল বিতরণকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেছেন।
মন্ত্রী আরো বলেন, যারা গরীবের রক্ত শোষণ করে বিদেশে টাকার পাহাড় জমায় তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব না। তিনি বলেন, আমরা হাইব্রিড কৃষি উত্পাদনের ব্যবস্থা করেছি। যার ফলে বাজারে এখন সারা বছর সব ধরনের সবজি পাওয়া যায়। মন্ত্রী তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ীতে দ্বিতীয় দিনের সফরে উপজেলার বাঘবেড়, নয়াবিল, রামচন্দ কুড়া ইউনিয়নের ৬ হাজার ৭৮৫ জন দুস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল, ১৫টি স্কুলের ছাত্রীদের মাঝে থ্রিপিস, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি ও খেজুর বিতরণ করেন। পরে তিনি কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগদান করেন। এসময় শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মুকছেদুর রহমান লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।
