কুমিল্লায় অপহরণের ৩ দিন পর হাবিবুর রহমান (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার বাতাবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় রবিউল (২৩) ও আঁখি বেগম (১৮) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ, অপহূতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের মো. হারুন মিয়ার পুত্র ও নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র হাবিবুর রহমান গত ২৯ জুলাই পার্শ্ববর্তী নিমসার বাজার মসজিদে ইফতার করতে যায়। পরে তাকে আর পাওয়া যায়নি। ওইদিন রাতে হাবিবুরের চাচীর মোবাইল নন্বরে ফোন করে অপহরণকারীরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রাতেই হাবিবের পিতা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।
