ভারতে ডব্লিউটিও’র সভায় বাণিজ্যমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউটিও’র সহযোগিতা প্রয়োজন হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবার পর সকল দেশের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বিশ্ববাণিজ্য নেগোসিয়েশনে এলডিসিভুক্ত দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে ভবিষ্যত্ করণীয় নির্ধারণে ডব্লিউটিওকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ডব্লিউটিও মন্ত্রীপর্যায়ের বৈঠকের বক্তৃতায় এসব কথা বলেন। ভারতের বাণিজ্য, শিল্প এবং বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশ্বের ২৩টি উন্নয়নশীল দেশের মন্ত্রিগণ এ সভায় যোগদান করেন।
পরে টিপু মুনশি আনুষ্ঠানিকভাবে সুরেশ প্রভূর সঙ্গে একান্ত বৈঠক করেন। এ সময় তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপর ভারত কর্তৃক আরোপিত এন্ট্রি ডাম্পিং ডিউটি প্রত্যাহারের অনুরোধ জানান। বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বড় ধরনের ব্যবসায়িক অংশিদারিত্বের ভিত্তিস্থাপন করা সম্ভব। তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। সুরেশ প্রভূ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের উন্নয়নে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
