তাহেরপুরে ব্যবসায়ী নিহত

পুলিশের মামলায় আসামি ৫ শতাধিক এলাকা পুরুষশূন্য

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:২৪
গত বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে হামলার পর পুলিশ গুলি চালালে রুবেল হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত এবং ২০ জন আহত হন। এ ঘটনায় ঐদিন সন্ধ্যায় ব্যবসায়ী নেতারা তাহেরপুর পৌর এলাকায় ৩ দিনের হরতাল ঘোষণা করেন। পরে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতেই বাগমারা থানা পুলিশের পক্ষে সরকারি কাজে বাধাদান, সম্পদের ক্ষতিসাধন ও পুলিশের উপর হামলার বিষয়ে তাহেরপুর বাজার এলাকার পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাগমারা থানার ওসি আব্দুল হামিদ জানান, অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি পুলিশের গুলিতেই ব্যবসায়ী নিহত হয়েছে স্বীকার করে বলেন, কি কারণে পুলিশ গুলি চালালো এবং তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চেকিংয়ের নামে চাঁদাবাজির ঘটনা সঠিক কিনা বিষয়গুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে ৩ দিনের হরতালের প্রথম দিনে গতকাল শুক্রবার তাহেরপুরে হাটবার থাকলেও কোন দোকানপাট খুলেনি। রাস্তায় লোকজনের চলাচল ছিল অতি নগণ্য এবং গ্রেফতার আতঙ্কে লোকজন বাড়ি থেকে বের হয়নি, অনেকে পালিয়ে গেছে। পুলিশ গুলি করে মানুষ মেরে উল্টো তাদের মামলায় গ্রেফতার এড়াতে এলাকা পুরুষশূন্য হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন ব্যবসায়ীরা। তাহেরপুর বাজারপাড়া মহল্লার মত্স্য ব্যবসায়ী শহিদুল্লাহ খন্দকারসহ একই এলাকার কাপড় ব্যবসায়ী সাজু আহম্মেদ ও শাহিন খন্দকার ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ রোজার শুরু থেকে যত্রতত্র মোটরসাইকেল আটকে পাঁচশ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চান।