বঙ্গবন্ধুর নাতি ও প্রধানমন্ত্রী সন্তান সজীব ওয়াজেদ জয় জামায়াতের নিবন্ধন বাতিলের রায়কে ‘অসাধারণ বিজয়’ হিসেবে অভিহিত করে বলেন, “উচ্চ আদালতে জামায়াতের নিবন্ধন বাতিলের রায়টি একটি অসাধারণ বিজয়। এটা শুধু আওয়ামী লীগের সরকারের সময় বলেই সম্ভব হয়েছে।”
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ছয়টার দিকে ফেসবুক ফ্যান পেইজে এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ জয় ওই স্ট্যাটাসে আরও বলেন, ‘পাকিস্তানের জামায়াত-ই-ইসলামির আমির জামায়াতের সমর্থনে আমাদের উচ্চ আদালতের বিরুদ্ধে বলেছে। এতে প্রমাণিত হয়, জামায়াত বাংলাদেশি নয়, এটি একটি পাকিস্তানি দল। বিএনপিও জামায়াতের পক্ষ নিয়ে উচ্চ আদালতের বিপক্ষে বলেছে। বিএনপি আবারও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে। এটা বাংলাদেশ-বিরোধী এবং দেশদ্রোহিতা।’
এদিকে, ওই রায়ের পর পাকিস্তান জামায়াতের আমির সৈয়দ মুনাওয়ার হাসান এক বিবৃতিতে বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশ আক্রান্ত হচ্ছে। নেতাদের দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং তাদেরকে যাবজ্জীবন সাজা, এমনকি মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। আদালতের রায়কে মুনাওয়ার অসাংবিধানিক, আংশিক ও পক্ষপাতদুষ্ট বলেও উল্লেখ করেছেন বলে পাকিস্তানের দি নিউজ পত্রিকায় বলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই জামায়াত রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচটি মামলায় জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে রায় দিয়েছিল।
