ঈদ বাজারে তরুণীদের ভিড় এখন গহনা ও কসমেটিকসের দোকানে। যাদের শাড়ি-জামা কেনা শেষ, তারা এখন ব্যস্ত নতুন কাপড়ের সঙ্গে মিলিয়ে কানের দুল, চুড়ি এবং সাজগোজের অন্যান্য অনুসঙ্গ জোগাড়ে। বলার অপেক্ষা রাখে না অনুসঙ্গ জোগাড়ের এই ছোটাছুটি চলছে সামর্থ অনুযায়ী। কেউ যাচ্ছেন স্বর্ণের দোকানে, কেউ ইমিটেশনের দোকানে। আবার কেউ কেউ কাঠ, বাঁশ, বেতের গহনাতেই সন্তুষ্ট থাকছেন। একেবারে হালের ট্রেন্ড হলো হীরে বসানো টুকটাক কিছু কেনা। সেখানেও ভিড় একেবারে কম নয়।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায়, কসমেটিকস দোকানের বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। কসমেটিকস কিনতে আসা তরুণীরা অভিযোগ করেছেন, ঈদকে ঘিরে সাজগোজের পণ্য সামগ্রীর দাম অনেক বাড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু দোকানীরা বলছেন, আমাদের দাম বাড়ানোর কোন সুযোগ নেই। পণ্যের গায়ে লেখা দামেই বিক্রি করছি। ধানমন্ডির জেনেটিক প্লাজা, রাপা প্লাজা, এ আর প্লাজা, মেট্রো শপিং মল, রাইফেলস স্কয়ার, আলমাস সুপার শপ, পান্থপথের বসুন্ধরা সিটি, গাউসিয়া ও নিউমার্টেক ঘুরে দেখা যায় তরুণ-তরুণী ও গৃহবধূদের আনাগোনায় জমজমাট কসমেটিকসের দোকানগুলো।
গয়নার দোকানীরা বলছেন, এবার ঈদে বেশি বিক্রি হচ্ছে মেটালের সেট চুড়ি, কাঠের চুড়ি, বাঁশ, বেত বা কাঠের লম্বা মালা, কানের দুল। মেটালের গহনার চাহিদা বরাবরের মতই তুঙ্গে। এসব গহনার দামও বেশি। ছোট দুলের দাম পড়বে ১৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। চুড়ির সেটের দাম পড়বে ৩৫০ টাকা থেকে ১৫০০ টাকা। মালাসহ সেটের দাম পড়বে ২৫০ টাকা থেকে আড়াই হাজার টাকা। গোল্ড প্লেটেড গয়নার মধ্যে বিভিন্ন স্টোন বসানো গলার হার পাওয়া যাচ্ছে দেড় হাজার থেকে আট হাজার টাকার মধ্যে। গয়নার দোকান এখন প্রতিটি মার্কেটেই রয়েছে। তবে গাউছিয়া মার্কেটের সামনে রাস্তার ওপর বসা ইমিটেশন গয়নার দোকানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
লালমাটিয়া থেকে শপিং করতে এসেছেন, মিমি ও রিমি দুই বোন। তারা ড্রেসের সঙ্গে মিলিয়ে কিনেছেন ব্রেসলেট ডিজাইনের চুড়ি ও কানের দুল। একই সঙ্গে উপহার হিসেবে দেয়ার জন্য পাঁচ জোড়া ছোট ছোট স্টোনের কানের ফুল কিনেছেন। মিমি বলেন, ড্রেস কিনতে যত টাকা লাগছে, কসমেটিকসে তার চেয়ে কম লাগছে না। কারণ ঈদ উপলক্ষে সব জিনিসের দাম অনেক বাড়িয়ে দিয়েছে দোকানীরা। ক্রেতাদের সবার কসমেটিকসে কমন আইটেম হিসেবে থাকছে মেহেদী।
ফ্যাশন এখন শুধু মেয়েদের ব্যাপার নয়। ছেলেরাও এখন যথেষ্ট সচেতন। কেনাকাটায় তারাও আছেন। ঈদ উপলক্ষে তারা কিনছেন বিভিন্ন ধরনের পারফিউম, বডি স্প্রে, আংটি, গলার চেইন, ব্রেসলেট, কানের ছোট রিং। ছেলেদের পারফিউমের মধ্যে বেশি বিক্রি হচ্ছে পয়জন, কেঞ্জু, ডেভিড বেকহ্যাম, ইটারনিটি, ফারেনহাইট, হুগো বস, সিকে এবং প্লেবয়।
