রানা প্লাজা ভবন ধসের শততম দিনে শ্রমিক সংগঠনের বিক্ষোভ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:৩৮
সাভারে রানা প্লাজা ভবন ধসের শততম দিনে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী শ্রমিক সংগঠন। এ সময় তারা নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্মরণে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে রানা প্লাজার সামনে স্থায়ী শহীদ বেদি নির্মাণ করেন। গতকাল শুক্রবার সকাল থেকেই সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে স্বেচ্ছাসেবী ৭টি সংগঠন এ কর্মসূচি পালন করে। এ সময় তারা শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবি জানান। ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনেরা রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে তাদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণের দাবি জানান। এ সময় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। অন্যদিকে নিখোঁজ শ্রমিকদের খোঁজে তাদের স্বজনেরা ঘটনাস্থলে ভিড় জমান।