ঈদের পর অবরোধ ঘেরাও লাগাতার হরতাল :মওদুদ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:৪০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ঈদের পর সরকার পতনে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন কঠোরতর হবে। অবরোধ, ঘেরাও ও লাগাতার হরতালই হবে ঈদের পরবর্তী আন্দোলন। যার মাধ্যমে গণবিস্ফোরণে সরকারের পতন হবে। সেপ্টেম্বর থেকে প্রয়োজনে ২৫ জানুয়ারি পর্যন্ত আমরা আন্দোলন করব। তবে আমাদের কর্মসূচিতে কোন হঠকারিতা থাকবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাইঞ্জে ‘গণতন্ত্রের পুনঃউদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বদেশ মঞ্চ এই আলোচনা সভার আয়োজন করে। মওদুদ বলেন, এতদিন আমরা অনেক নমনীয় কর্মসূচি দিয়েছি। এখন আর হবে না। বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করতে হলে এই আন্দোলন অপরিহার্য। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির মধ্যে এই নির্বাচন হবে না, এই নির্বাচন হবে গণতন্ত্রের পক্ষে আর বিপক্ষের মধ্যে। স্বদেশ মঞ্চ সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে সভায় আরও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নাসির হায়দার প্রমুুখ।