এবারের এইচএসসি পরীক্ষায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোট ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে কলেজে ২৪টি ও মাদ্রাসায় ৮টি জিপিএ-৫। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। উপজেলায় ৪টি কলেজের মধ্যে রাজাপুর সদরের আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ ১৩টি জিপিএ-৫ এবং মাদ্রাসায় পূর্ব পুটিয়াখালি দারুস সালাম ফাজিল মাদ্রাসা ৬টি জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে। এছাড়া রাজাপুর ডিগ্রী কলেজে ৪ জন, বড়ইয়া ডিগ্রী কলেজে ৪ জন, উত্তমপুর আব্দুল মালেক কলেজে ৩ জন, রাজাপুর ফাজিল মাদ্রাসা ১ জন ও কানুদাসকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১ জন জিপিএ-৫ লাভ করেছে।
কাঠালিয়ায় জিপিএ-৫
পেয়েছে ২৩ জন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, কাঠালিয়ায় এ বছর এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। এর মধ্যে এইচএসসিতে কাঁঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজ থেকে ১৭ জন ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ থেকে ৩ জন। আলিম পরীক্ষায় কাঠালিয়া সদর সিনিয়র মাদ্রাসা থেকে ১ জন, ছিটকি নেছারিয়া সিনিয়র মাদ্রাসায় ১ জন ও আমুয়া চাঁদ মিয়া ফাযিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
আলিমে মাদ্রাসা বোর্ডে ১ম ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদ্রাসা
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির কায়েদ ছাহেব হুজুর প্রতিষ্ঠিত নেছারাবাদ কামিল মাদ্রাসা এবার আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে ১ম স্থান পেয়েছে। এ মাদ্রাসা থেকে মোট ১৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ১২১ জন জিপিএ-৫ পেয়েছে। বাকি ৪৪ জন এ গ্রেডে উন্নীত হয়েছে। গত বছর এ প্রতিষ্ঠানটি মাদ্রাসা বোর্ডে ২য় স্থান অর্জন করে। এছাড়া ঝালকাঠির কুতুবনগর মাদ্রাসা এমপিওভুক্ত ছাড়াই শতভাগ পাস করেছে।
নেছারাবাদ মাদ্রাসার শীর্ষ সাফল্যের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেন, শিক্ষকদের সময় উপযোগী সিলেবাসভিত্তিক শিক্ষাদান, রাজনীতি মুক্ত ক্যাম্পাস, সেমিষ্টার ভিত্তিক পরীক্ষা, অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতার কারণে এ প্রতিষ্ঠান ১ম স্থান অর্জন করতে পেরেছে।
