স ফ ল প্র জ ন্ম

হাসতে শিখিয়েছেন যিনি

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২০:৫৩
সাদাসিধা ভবঘুরে একটা মানুষ, যার পরনে নোংরা ঢিলেঢালা প্যান্ট, গায়ে জড়ানো জীর্ণ কালো কোট, পায়ে মাপহীন জুতো, মাথায় কালো হ্যাট, বাটারফ্লাই ছাঁট গোঁফের নিচে গুঁজে রাখা চুরুট আর হাতে বেতের ছড়ি। কিম্ভূত ধরনের লোকটা রাস্তায় রাস্তায় ঘুরছে আর ঘটাচ্ছে অদ্ভুত সব ঘটনা। তার উদ্ভট কাণ্ডকারখানায় হেসে কুটিকুটি বিশ্বের কোটি মানুষ। এই আমাদের প্রিয় অভিনেতা চার্লি চ্যাপলিন। পুরো নাম স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র। মূক-যুগের চলচ্চিত্রের শ্রেষ্ঠতম অভিনেতা। সারা বিশ্বের মতোই এই অভিনেতা বাংলাদেশেও সমান জনপ্রিয়। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল লন্ডনের ওয়ালস ওয়ার্থে চার্লি চ্যাপলিন পৃথিবীর মুখ দেখেন। চার্লির মা-বাবা দুজনই মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের হাত ধরেই রঙ্গমঞ্চে অভিনয় শুরু চার্লির। লন্ডনের সেসময়ের জনপ্রিয় নাট্যদল ‘জ্যাকসন্স এইট ল্যাঙ্কাসায়ার ল্যাডস’-এর সদস্য হয়ে শৈশব-কৈশোরে তিনি পারফর্ম করেন ব্রিটেনের নানা জায়গায়। সেই বয়সেই নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দেন। নিজের স্বপ্ন সার্থক করতে ১৯১০ সালে চ্যাপলিন চলে যান আমেরিকায়। ১৯১৪ সালে প্রথম অভিনীত ছবি ‘মেকিং এ লিভিং’-এর মাধ্যমে হলিউডে তার আবির্ভাব। একই বছর ১৯১৪ সালে ‘দ্য ট্রাম্প’ ছবিতে তার অভিনীত মুখ্য চরিত্র ‘শার্লট’ সেসময় ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগালে অলোচনার ঝড় তুলেছিল। এরপর একে একে ‘কিড অটো রেসেস অ্যাট ভেনিস’, ‘দ্য কিড’, ‘দ্য গোল্ড রাশ’ প্রভৃতি সিনেমা চ্যাপলিনকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে কৌতুক চরিত্রে তার অভিনয় পারদর্শিতা দর্শকদের মুগ্ধ করেছিল। বিশ্ব যখন দু-দুটি বিশ্বযুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত তখন চার্লি চ্যাপলিন তার নির্বাক চলচ্চিত্রে কৌতুক অভিনয়ে তুলে এনেছেন সেসময়কার প্রধান চরিত্রগুলো। যা বিশ্ববাসীকে হাসালেও জানিয়ে দিয়েছিল যুদ্ধের প্রকৃত ঘটনা। যেমন ১৯৪০ সালে তার বিখ্যাত ছবি ‘দ্য গ্রেট ডিক্টেটর’ হিটলারকে ব্যঙ্গ করে নির্মিত হয়েছিল বলে অনেকের ধারণা। চ্যাপলিন ১৯২৬ সালে ‘দ্য সার্কাস’ ছবির জন্যে প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেন। এরপর ৪৩ বছর বয়সে পান দ্বিতীয়বারের মতো অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। মোশন পিকচারে অবদানের জন্য ১৯৭২ সালে তিনি এ অ্যাওয়ার্ড পান। আবারও ১৯৭৩ সালে ‘লাইমলাইট’ ছবির জন্য তাকে এ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। অভিনয়ের মাধ্যমে বিশ্ববাসীকে মুগ্ধ করে রাখা এ বিশ্ববিখ্যাত চলচ্চিত্রাভিনেতা চার্লি চ্যাপলিন ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর সুইজারল্যান্ডের ভেভেতে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। ৮৮ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেও তার অসামান্য কর্ম বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাসে তাকে আজও জীবন্ত করে রেখেছে।