প্রার্থিতা প্রত্যাহারের আগে ঐক্যফ্রন্টের আসন বণ্টন চূড়ান্ত হবে : ড. কামাল

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:৩৯

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যফ্রন্টের কাছে গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছে। এরমধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে। গণফোরাম এখন দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেবে। অন্যরা দলীয়ভাবে জমা দেবে। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের আগেই ঐক্যফ্রন্টের আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত হবে। গতকাল মঙ্গলবার ড. কামাল তার বেইলি রোডের বাসায় দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, জামায়াতকে ‘ধানের শীষ’ প্রতীক দেওয়া ঠিক হবে না। তিনি জানান, আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে গণফোরামের    ইতিবাচক আলোচনা হয়েছে। নির্বাচনে ৬টি আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ইসি আমাদের দাবি না মেনে নিলে কী করা যাবে। নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না, সোজা কথা।

সরকারি দলের বিভিন্ন নেতাদের সমালোচনা সম্পর্কে ড. কামাল, ‘ওরা আমাকে ধ্বংস করবে, করুক। আমি লড়াইয়ে  নেমেছি, এ লড়াই চালিয়ে যাব।’ বৈঠকে ঐক্যফ্রন্টের ইশতেহার বিষয়েও আলোচনা হয়।