দামুড়হুদার আট বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আজ সোমবার ৫ আগস্ট জেলায় শহীদ দিবস পালিত হচ্ছে। সূর্য ওঠার আগেই শহীদদের স্মৃতিতে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে শহীদ দিবসের কার্যক্রম শুরু হবে। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ দোয়া, মিলাদ মাহফিল, কাঙালীভোজ ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৭১ সালের ৫ আগস্ট সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর সাথে আট মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল।
১৯৭১ সালের ৩ আগস্ট গেরীলা গ্রুপ কমান্ডার হাফিজুর রহমান জোয়ার্দ্দারের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা দামুড়হুদা উপজেলাধীন সীমান্ত সংলগ্ন জপুর গ্রামের শেলটার ক্যাম্পে অবস্থান নেয়। কৃষকদের মাঠের পাকা ধান রাজাকাররা কেটে নিয়ে যাচ্ছে বলে খবর পেয়ে মুক্তিযোদ্ধারা দ্রুত ঘটনাস্থল বাগুয়ান মাঠে পৌঁছানোর আগেই মুখোমুখী যুদ্ধে হাসান জামান, খালেক সাইফ উদ্দীন তারেক, রওশন আলম, আলাওল ইসলাম, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামউদ্দীন, আফাজ উদ্দীন শহীদ হন। যুদ্ধ শেষে পাক বাহিনীর নির্দেশে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের মাঠে শহীদ মুক্তিযোদ্ধাদের ওই মাঠে দুটি গর্তে ৮ জনকে মাটি চাপা দেয়া হয়। ১৯৯৮ সালে এলজিইডি দামুড়হুদার আট কবরকে স্মৃতিসৌধে রূপান্তরিত করে।
