রাঙ্গুনিয়ায় পাউবো’র শতকোটি টাকার সম্পত্তি বেদখল

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:০১
পার্বত্য ও সমতল জেলার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগানের নিকটে পানি উন্নয়নের বোর্ডের শত কোটি টাকা মূল্যের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। পতিত অবস্থায় দীর্ঘদিন যাবত্ প্রায় ২৫ একরের কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন জলাশয়সহ পতিত জমি সংস্কার এবং সুষ্ঠু ব্যবহারের উদ্যোগ নেয়নি সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে পতিত জমিতে গড়ে উঠেছে অবৈধ বসতি। অরক্ষিত অবস্থায় জলাশয়ে অব্যাহত মাটি ভরাটে চলছে জবর দখলের পাঁয়তারা। গত ওয়ান ইলেভেনের সময়ে সরকার এই জলাশয়ের তীরে বিস্তীর্ণ বেদখলী জায়গা উদ্ধার করে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের হেফাজতে দেয়া হলেও এর রক্ষণাবেক্ষণ ও দখল ধরে রাখা হয়নি। বিশিষ্ট ব্যক্তিবর্গের মতে, পানি উন্নয়ন বোর্ডের চন্দ্রঘোনা লিচুবাগানের পতিত জলাশয় ও জায়গার জবরদখলমুক্ত রাখাসহ সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য সরকারি পদক্ষেপ জরুরি।