রাজশাহীর সেরা ২০-এ বগুড়ার ৪ প্রতিষ্ঠান

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:৫০
এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ৪টি স্থানই দখল করেছে বগুড়া। গত বছর বগুড়ার তিনটি প্রতিষ্ঠান ছিলো সেরা তালিকায়। সেরা ২০-এর মধ্যে টানা চার বার চতুর্থ স্থান ধরে রেখেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। গত বছর ৭ম স্থানে থাকা বগুড়া সরকারি আযিযুল হক কলেজ একধাপ ওপরে উঠে ৬ষ্ঠ স্থান দখল করেছে। আর নতুন করে সেরা ২০-এর মধ্যে ১৪তম স্থান দখল করেছে এসওএস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ এবং ১৯তম স্থানে রয়েছে পল্লী উন্নয়ন ল্যাবরেটরি পাবলিক স্কুল এন্ড কলেজ। গত বছর ১৯তম স্থান দখল করা বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল ও কলেজ এবার বোর্ডে সেরা ২০-এর মধ্যে না থাকলেও জেলার মধ্যে হয়েছে পঞ্চম। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলো ৬৫৬ জন; এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪১ জন। এবার পাসের হার ৯৯ দশমিক ৬৯ ভাগ। বগুড়া সরকারি আযিযুল হক কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলো এক হাজার ৬৩৫ জন; এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৭৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৬১ ভাগ। শিক্ষা বোর্ডে ১৪তম স্থানে থাকা এসওএস হারম্যান মেইনর স্কুল এন্ড কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছিলো ৫৯ জন। এরমধ্যে ২২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৭ ভাগ। শিক্ষা বোর্ডে ১৯তম স্থানে থাকা পল্লী উন্নয়ন ল্যাবরেটরি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার ২৬৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন।