টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ গোপালগঞ্জ জেলার মধ্যে এইচএসসিতে শত ভাগ পাসের রেকর্ড করেছে।
এ বছর প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচ এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জেলার মধ্যে শত ভাগ পাসের রেকর্ড করে। চলতি বছরের এইচ.এস.সি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-এ পেয়েছে ৮ জন ও এ মাইনাস পেয়েছে ৬ জন। ২০১২ ও ২০১৩ সালে প্রতিষ্ঠানটির স্কুল শাখা শতভাগ পাসের সাফল্য পায়।
শিক্ষার্থীরা জানায়, ভাল রেজাল্ট করলে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের উত্সাহিত ও পুরস্কৃত করা হয়। শিক্ষকরা আন্তরিকভাবে পড়িয়েছেন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এ কারণে শতভাগ সাফল্য এসেছে। এছাড়া কলেজ শাখায় ভর্তি হলে প্রতিষ্ঠান কোন ভর্তি ফি নেয় না। তারপর বৃত্তি, বিনামূল্যে বই প্রদানসহ সব ধরনের শিক্ষা সহায়তা করা হয়।
খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক আকরামুজ্জামান বলেন, আমাদের প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনের শিক্ষা বিস্তারে গোপালগঞ্জ জেলায় কাজ করে যাচ্ছেন। সভাপতির প্রচেষ্টা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পরিশ্রম ও মেধাকে যুগলবন্দী করেই আমরা এ সাফল্য পেয়েছি। গত বছর জেলার মধ্যে আমাদের প্রতিষ্ঠানই প্রথম শতভাগ পাসের রেকর্ড করে। এ বছর আমরা সে সাফল্য ধরে রাখতে পেরেছি। আগামীতেও আমরা ভাল করার প্রত্যয় ব্যক্ত করছি।
