ছয় হাওর জেলায় সেচকাজের পানির অনুসন্ধান বিষয়ে সুনামগঞ্জে সভা

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৭

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দেশের ছয়টি হাওর জেলায় ভূগর্ভস্থ ও ভূউপরিস্থ সেচকাজের পানির অনুসন্ধানের জন্য সমীক্ষা শীর্ষক প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং-এর যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলায় ভূগর্ভস্থ ও ভূউপরিস্থ সেচকাজের পানির অনুসন্ধান বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) কে এম আব্দুল ওয়াদুদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির স্তর বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং-এর ইরিগেশন ম্যানেজমেন্ট ডিভিশনের সিনিয়র স্পেশালিস্ট গৌতম চন্দ্র মৃধা।