ডাকাত সন্দেহে গণপিটুনিতে পাবনা, রংপুর, মেহেরপুর ও কমলগঞ্জে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে পাবনায় একটি গ্রামেই পিটিয়ে মারা হয়েছে তিনজনকে।
আমাদের ফরিদপুর (পাবনা) সংবাদদাতা জানিয়েছেন, গত শনিবার রাত দুইটার দিকে সাত থেকে আটজন যুবক নছিমন গাড়ী নিয়ে উপজেলার হাদল গ্রামের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রাতে পাহারারত গ্রামবাসীদের চ্যালেঞ্জের মুখে পড়ে। এ সময় তারা গাড়ী রেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা ধাওয়া করে তিনজনকে ধরে গণপিটুনি দিলে তারা মারা যান। নিহতরা হলেন, উপজেলার থানাপাড়া গ্রামের বাবুর ছেলে জয়নাল (২৬) ও আব্দুল মালেকের ছেলে মিলন (২৫) এবং বেড়হাউলিয়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে ঝালু (৩০)। পুলিশ জানায়, নিহতরা চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
রংপুর প্রতিনিধি জানান, গঙ্গাচড়া উপজেলায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে এরশাদুল হক নামের এক সহকারী স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার গঙ্গাচড়া-বেতগাড়ী সড়কের পাকুরিয়া শরীফ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত সর্দার জিয়া নিহত হওয়ার অজ্ঞাত পাঁচশ’ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার পর গ্রামবাসীর মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। গ্রামবাসী পুলিশ সুপারের সঙ্গে সভা করেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে চাঁদা আনতে গিয়ে বাসার তরফদার (২৭) নামের এক ডাকাত গণপিটুনির শিকার হয়ে আহত হয়েছেন। রবিবার গভীর রাতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। বাসার তরফদার কার্তিকদিয়া গ্রামের সিদ্দিক তরফদারের ছেলে। তার নিকট থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, উপজেলায় ডাকাত সন্দেহে গ্রামবাসির গণপিটুনিতে গতকাল রবিবার লুত্ফুর নামের এক ব্যক্তি নিহত হয়েছে।গত শনিবার রাতে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক লেবু বাগানে এ ঘটনা ঘটে।
লেবু বাগান এলাকায় ডাকাতদল হানা দিলে পাহারাদারদের চিত্কারে গ্রামবাসীরা বেরিয়ে আসে। এসময় উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এক পর্যায় গ্রামবাসী ধাওয়া করলে বাকী ডাকাতরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে গণপিটুনি দেয়া হয়।খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল চিকিত্সাধীন অবস্থায় লুত্ফুর মারা যায়। কমলগঞ্জ থানার এসআই জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
