ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৮

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রাসেল ওরফে রাসেলকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ২টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোড মহল্লায় ডিফেন্স পাটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল শহরতলীর শম্ভুগঞ্জ হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত্ শহরের আমলাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. লুত্ফর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই রাসেলের মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, রেজাউল করিম রাসেল ওরফে রাসেলকে রাত দেড়টার দিকে শহরের মৃত্যুঞ্জয় স্কুল রোডের ডিফেন্স পার্টি অফিসে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।