টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল শহরের আকুরটাকুর এলাকায় এক রিকশাচালককে সোমবার বেদম মারপিট করে টাঙ্গাইল পুলিশ লাইনসের এক গাড়ির চালক। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে টাঙ্গাইল জেলা পুলিশের নজরে আসে। পরে রাতেই গাড়িচালক আবুল খায়েরকে ক্লোজ করা হয়। মারপিটের শিকার রিকশা চালক হলেন টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের মোখছেদ আলীর ছেলে সেলিম মিয়া। সেলিম মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল শহরের স্টেডিয়াম মার্কেট থেকে তিনি এক যাত্রী নিয়ে নিরালা মোড়ের দিকে যাওয়ার সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনের মোড়ে পুলিশের একটি গাড়ি ওভারটেক করে তার সামনে গিয়ে থামে। তখন ওই গাড়ি থেকে পুলিশের পোশাক পরা এক লোক নেমে তাকে রিকশা ‘রং’ চালানোর অভিযোগে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এক ব্যক্তি পাশ থেকে মোবাইলে ঘটনাটির ছবি তুলে ফেসবুকে আপলোড করে। রাতেই অভিযুক্ত গাড়ি চালককে ক্লোজ করা হয়।
টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানান, গাড়ি চালক আবুল খায়েরকে সোমবার রাতে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
