সিইসি পরিবর্তনের দাবি জানালেন মওদুদ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:৪১

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ সিইসির পরিবর্তনের দাবি করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটা কাজও করতে পারেনি। যা করেছে, সরকারের ইচ্ছামত। নির্বাচনের এক সপ্তাহ আগেও সিইসি পদত্যাগ করতে পারেন। এ ধরনের নজির বাংলাদেশে আছে। এক মাসের প্রয়োজন হয় না। এ সিইসির প্রতি বাংলাদেশের মানুষের আস্থা নাই। আমরা বারবার বলেছি এ ধরনের বিতর্ক ওঠার আগে তার পদত্যাগ করা উচিত ছিল।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নোয়াখালী-৫ আসনের মনোনয়নপত্র কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের কাছে জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।