সাবেক প্রতিমন্ত্রী কায়সারের জামিন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৪৩
জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে জামিন দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। কায়সারের বিরুদ্ধে ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তধীন রয়েছে। এর আগে রবিবার তার জামিন আবেদনের বিষয়ে শুনানি শেষ হয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুস সোবহান তরফদার। জামিন আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান জানান, জামিনের শর্তে ট্রাইব্যুনাল বলেছে, তার পাসপোর্ট জমা দিতে হবে, জামিনে থাকা অবস্থায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না, তদন্ত কাজে সহযোগিতা করবেন, কোনো বাধা দিতে পারবেন না এবং সাক্ষীকে কোনো ভয়-ভীতি দেখানো যাবে না। এসব শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হবে বলেও ট্রাইব্যুনাল আদেশে উল্লেখ করেছেন। চলতি বছরের ১৫ মে মুসলিম লীগের সাবেক নেতা কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন টাইব্যুনাল। ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জের বাসিন্দা কায়সার এরশাদ সরকারের সময়ে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন ডা. ফজলে রাব্বীর মেয়ে ড.নুসরাত রাব্বী। গতকাল একই ট্রাইব্যুনালে তিনি জবানবন্দি দেন। পরে জবানবন্দি অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। আলীমের পক্ষে জেরা ১২ আগস্ট : একই ট্রাইব্যুনালে বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য ১২ আগস্ট পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এ মামলার সর্বশেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা জেডএম আলতাফুর রহমানকে বেশ কয়েকদিন ধরে জেরা করেছে আসামিপক্ষ।